বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি জঙ্গল থেকে মধ্যবয়সী এক নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার ভুতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর জখম ওই নারীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নারী নিজের নাম পুতুল (৪৮) এবং গ্রামের বাড়ি গৌরনদী উপজেলায় বলতে পারলেও অসুস্থতার কারণে তার কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায় নি বলে জানিয়েছে পুলিশ।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এক নারীর গোঙ্গানীর শব্দ পেয়ে পথচারীরা ওই জঙ্গলে গিয়ে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পুতুলকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়।
বাবুগঞ্জ থানার ওসি বলেন,“আহতের ওই নারীর মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।“
ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
এম বিল্লাহ





