ইতালিতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর সম্মেলনে যোগ দিতে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামি ১১ ফেব্রুয়ারি (রোববার) ইতালির উদ্দেশ্য তিনি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইফাড-এর সম্মেলনে যোগ দেওয়ার সময় ১৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এদিন বিকেলে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
এছাড়াও ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, পরিবেশ, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগ নিয়ে আলোচনা স্থান পেতে পারে বলেও জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ইতালির উদ্দেশে আগামী ১১ ফেব্রুয়ারি রওনা দেবেন। আর আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ইফাডের বার্ষিক গবর্নিং কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সফরের শেষ দিনে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হতে পারেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ইতালিতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে।
গত বছর নভেম্বরের শেষে ঢাকায় এসেছিলেন পোপ ফ্রান্সিস। তিনি মিয়ানমার হয়ে বাংলাদেশে আসেন। সে সময় প্রথমবারের মতো রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন পোপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরতি সফর হিসেবে ভ্যাটিকানের পোপের সঙ্গে বৈঠক করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের অক্টোবরে এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি গিয়েছিলেন। তবে ওই সম্মেলন হয়েছিল ইতালির মিলানে। তিন বছর পর আবার শেখ হাসিনা ইতালি সফরে যাচ্ছেন।





