ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে খুলনা জেলার ওপর দিয়ে ভারী বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়ছে। দুর্গতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে শুক্রবার (২০ মে) বিকেল থেকে খুলনায় টানা বৃষ্টি হচ্ছে। ক্রমেই বাতাস ও বৃষ্টি বাড়ছে।‍ দমকা হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাত থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে খুলনা মহানগরসহ পুরো জেলা।

খুলনা জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান শনিবার (২১ মে) বলেন, জেলার বিভিন্ন জায়গায় ১৭৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এক হাজার ৭৬ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন, তারা শুক্রবার থেকে মাইকিং করে যাচ্ছেন।

তিনি বলেন, ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে যেন মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে আসেন। ৯ উপজেলার মধ্যে বিশেষ করে কয়রা, দাকোপ, পাইকগাছা, রুপসার মানুষ শনিবার ভোর থেকে আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছেন।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, স্বাভাবিকের তুলনায় নিম্নাঞ্চলে ৩/৪ ফুট পানি বাড়তে পারে।

এদিকে, বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ায় স্থানীয় মানুষ আবহাওয়ার খবর নিচ্ছেন মোবাইল ফোনের এফএম রেডিও’র মাধ্যমে।

এমই