ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকেই।

কাল সোমবার সরকারি ছুটি শেষ হয়ে গেলও আজ রোববারও ঢাকার সায়দাবাদ, মহাখালী, যাত্রাবাড়ী ও শনির আখড়া থেকে ঢাকার বাইরে যেতে দেখা গেল অনেক নাগরিককে।

এ বিষয়ে মেঘালয় ট্রান্সপোর্টের টিকেট কাউন্টার থেকে জলিল জানান, আজও অনেক ঢাকাবাসী গ্রামের বাড়িতে যাচ্ছেন। সকাল থেকে যাত্রীর ভালোই চাপ রয়েছে।

ঈদের পরদিন নরসিংদীর উদ্দেশে ঢাকা ছাড়ছেন গফুর নামের এক যাত্রী। তিনি জানালেন, সেখানে তাঁর শ্বশুরবাড়ি। পুরো পরিবার নিয়ে গতকাল শনিবার রাজধানীতে ঈদ করেছেন। এবার স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়ি যাচ্ছেন ঈদের আনন্দ ভাগ করে নিতে।

স্বামীর অফিস খোলা থাকায় গ্রামের বাড়ি কুমিল্লায় গতকাল যেতে পারেননি ঝুমা। তাই আজ যাচ্ছেন, আগামীকাল আবার ঢাকায় ফিরে আসবেন বলে জানালেন।

তবে ঈদের পরদিন অনেকে ঢাকা ছাড়লেও ঈদ শেষ করে রাজধানীমুখি যাত্রীর চাপ এখনো শুরু হয়নি বলে জানাল কুমিল্লাগামী তিশা পরিবহন কর্তৃপক্ষ।

আজও কেবল ঢাকা ছাড়ার টিকেটই বেশি বিক্রি হচ্ছে। আগামীকাল থেকে আবারো ঢাকাবাসী ফিরতে শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

এমবি