মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২১৩ জনের।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. ফেরদৌসী আক্তার জানান, মারা যাওয়া ৪০ জনের মধ্যে কুষ্টিয়াতে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ১০ জন, মেহেরপুর ৮ জন, মাগুরায় ৪ জন, যশোর ও ঝিনাইদহ ৩ জন করে মারা গেছেন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত এই বিভাগের ১০ জেলায় মোট ৮৫ হাজার ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগে মারা গেছেন ২ হাজার ৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৩৫ জন।

এমবি