প্রতিবছর মাতৃভাষা দিবস আসলেই কচিকাচা শিশুরা কোনোমতে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা জানান। বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৭০ বছর পর এক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য তার পেনশন ও ভাতার তিন লাখ টাকা দিয়ে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছেন।
এলাকবাসী জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থল গ্রামে ১৯৪৫ সালে স্থানীয়দের সহায়তায় কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে সরকারি বা কোনো প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মাণ করেনি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল জানান, সম্প্রতি শহীদ মিনারের বিষয়টি নজরে আসে প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মজিবুর রহমানের। তার অর্থায়নে জানুয়ারিতে শুরু হয় নির্মাণকাজ। শেষ হয় ২০ ফ্রেরুয়ারি। ২১ ফ্রেরুয়ারি ভোরে স্থায়ী শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী। স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী শিলা আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র মুরাদ হোসেন বলেন, 'দীর্ঘদিন পর হলেও মোগো স্কুলে পাকা শহীদ মিনার হইছে। এহন আর প্রতিবছর শহীদ মিনার করা লাগবে না।'
বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মজিবুর রহমান বলেন, 'এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে ও ভাষাশহীদদের স্মরণে আমার পেনশনের ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা জমা করে তিন লাখ টাকা ব্যয়ে এ শহীদ মিনার নির্মাণ করেছি।'
জেআই





