সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের জমির আলী ওরফে নিজাম তার আপন শিশু শ্যালিকাকে (১১) ধর্ষণ করেছে। গত ১৬ অক্টোবর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জমির আলী ওরফে নিজামকে (৩২) মঙ্গলবার দুপুরে আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সে কাঞ্জর গ্রামের কুতুব আলীর ছেলে।
জানা যায়, বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই শিশুটি। গত ১৬ অক্টোবর বিকালে নিজাম বাড়িতে পৌঁছে দিতে ওই শিশুকে নিয়ে বের হয়। কিন্তু সে ওই শিশুকে নিয়ে সিলেট শহরে একটি হোটেলে এসে ওঠে। সেখানে ওই শিশুকে ধর্ষণ করে নিজাম। পরদিন সকালে শিশুটির বাড়ি উপজেলার হরিপুর বাজারে দিয়ে আসে সে।
বাড়িতে পৌঁছে ওই শিশু তার মা-বাবাকে ঘটনাটি জানালে তার বাবা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে থানার উপপুলিশ পরিদর্শক আবদুল মান্নান কাঞ্জর গ্রাম থেকে নিজামকে আটক করেন।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবির জানান, নিজামকে আটকের পর ধর্ষণের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
কেএইচ





