রাজধানীর কমলাপুর রেল স্টেশনের পরিত্যক্ত একটি বগি থেকে আসমা (১৮) নামের এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আসমার বাড়ি পঞ্চগড় জেলায় বলে জানিয়েছে কমলাপুর রেলওয়ে পুলিশ।
আজ সোমবার (১৯ আগস্ট) স্টেশনের পরিত্যক্ত একটি বগি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বাবার নাম আবদুর রাজ্জাক। তাঁরা পঞ্চগড়ের বাসিন্দা। সে স্থানীয় খানবাহাদুর মাদ্রাসা থেকে এসএসসি সমমান পরীক্ষায় পাস করেছে। ৩ বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচা রাজু আহামেদ।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপপরিদর্শক (এসআই) রশো বণিক বলেন, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ওই লাশের বিষয়ে জানতে পারে। পরে স্টেশনের বলাকা এক্সপ্রেসের একটি পরিত্যক্ত বগির শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, আসমাকে হত্যা করা হয়েছে। তবে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আসমার হত্যার ধরনসহ অন্যান্য বিষয় জানা যাবে।
ময়নাতদন্তের জন্য আসমার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, আসমার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
নিহতের চাচা রাজু আহামেদ বলেন, আসমা গত রোববার সকাল থেকে নিখোঁজ ছিল। সোমবার সংবাদ পেয়ে তাকে শনাক্ত করা হয়।
তিনি বলেন, বাঁধন নামে স্থানীয় এক যুবক তাকে ফুসলিয়ে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। বাঁধনও একটি মাদ্রাসার শিক্ষার্থী। আসমা নিখোঁজের পর থেকে ওই ছেলেকে এলাকায় পাওয়া যায়নি। নিহতের পরিবার থেকে ধারণা করা হচ্ছে, বাঁধনই তাকে ফুসলিয়ে নিয়ে হত্যা করেছে।
এএস





