সুনামগঞ্জের সুরমা নদীতে বন্যার পানি কমলেও জেলার ১১টি উপজেলার নিম্নাঞ্চলের ১৭,১৪৫ পরিবার এখনো পানিবন্দি রয়েছে।
এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮টি উপজেলা। এগুলো হচ্ছে, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর, ছাতক, দিরাই ধর্মপাশা।
সুনামগঞ্জ জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, জেলার ১১টি উপজেলার নিম্নাঞ্চলের ১৭ হাজার ১৪৫ পরিবার এবং ৮৬ হাজার ৭৫০ জন লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৩২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩২ সেন্টেমিটার উপর দিয়ে প্রবাহিত হচেছ।
বুধবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের মিটারে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে ৮ দশমিক ৬১ সেন্টিমিটার পানি প্রবাহিত হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ১১টি উপজেলায় জেলা প্রশাসকনের পক্ষ থেকে ১৮২ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অপরদিকে, সুনামগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় জানায়, জেলা ১১টি উপজেলার ১৬ হাজার ৫০২ হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রোপা আমন ১৪ হাজার ৬৭৫ হেক্টর, রোপা আমনের বীজ তলা এক হাজার ৭৮৭ হেক্টর ও পাকা আউশ ধান ৪০ হেক্টর।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





