চুরি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১টার দিকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অসীম কুমার দে এ আদেশ জারি করেন।

গত ১৫ জানুয়ারি মিলনের বিরুদ্ধে নির্বাচনী ব্যয় সংক্রান্ত মামলায়ও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

সূত্র জানায়, ২০১০ সালে চাঁদপুরের আমুজান এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ আওয়ামী লীগকর্মী পলাশ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলার নং জিআর ১৪/২০১০)। ঐ মামলায় ২৭ জানুয়ারি চাঁদপুর আদালতে শুনানির দিন ধার্য ছিলো। কিন্তু মামলার আসামি আ ন ম এহছানুল হক মিলন আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মিলনের আইনজীবী অ্যাড. মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী মিলন সৌদি আরবে অবস্থান করায় মামলা দু’টিতে হাজির হতে পারেননি। এ কারণেই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।’

জেআই