রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে ২১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম ও তার কর্মীদের গুলি ও কোপে আহত তিন ভাইয়ের একজন মারা গেছেন।

গিয়াস উদ্দিন রাজু (৩৩) নামের ওই ব্যক্তি হাতিরপুলের ব্রাইটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সোয়া ১০টায় মারা যান। তার বাবার নাম সাব্বির আহমেদ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আদনান আবেদীন বাবু (৩০) নামে এক ইঞ্জিনিয়ারকে গুলি, তার বড় ভাই গিয়াস উদ্দিন রাজু ও জয়নাল আবেদীনকে (৩৮) কুপিয়ে আহত করা হয়।

প্রত্যক্ষদর্শী ডিম ব্যবসায়ী সোহেল বলেন, আহত তিন ভাই পিজি হাসপাতাল থেকে বের হয়ে আজিজ সুপার মার্কেটের সামনে এলে সাইফুলের নেতৃত্বে ২০-২৫ জন লোক চাপাতি নিয়ে তাদের ওপর চড়াও হয়। এর পর সাইফুল পিস্তল বের করে আদনানকে গুলি করেন।

পুলিশ জানায়, আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে রাত ২টায় গুলিবিদ্ধ আদনান আবেদীন বাবু ঢামেক হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডাক্তার তাকে এক্স-রে করতে দেন। বাবু এক্সরে করানোর কথা বলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।’

তবে তার বড় ভাই গিয়াস উদ্দিন রাজু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে হাতিরপুলের ব্রাইটন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সোয়া ১০টায় তিনি মারা যান।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ