মুক্তিপণের দাবিতে ৩০ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। শনিবার ভোর ৭টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামুন্দা নদীর কানচিখালী এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়।

তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামে।
রমজান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী জানান,গত কয়েক দিন আগে অপহৃত জেলেরা সুন্দরবনে মাছ ধরার জন্য যায়।সকালে তারা সুন্দরবনের মামুন্দা নদীর কানচিখালী এলাকায় মাছ ধরার সময় জলদস্যু আলিম ও জুনাব আলী বাহিনীর সদস্যরা ৩৫ জন জেলেকে অপহরণ করে।
পরে তাদের মধ্যে থেকে পাঁচজনকে ছেড়ে দেয়া হয়। বাকি ৩০ জনকে তারা ধরে নিয়ে গেছে। তাদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। টাকা না দিলে তাদেরকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছে জলদস্যুরা।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের এসিএফ কেরামত আলী মল্লিক জানান, অপহৃতদের উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ