রাজধানীর বারডেম হাসপাতালে কয়েকজন চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। চিকিৎসকদের কর্মবিরতিতে বহির্বিভাগে আসা রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
হাসপাতাল সূত্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিকিত্সকদের দেওয়া স্মারকলিপি থেকে জানা যায়, এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ১৩ এপ্রিল রাতে কর্তব্যরত তিনজন চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করে একদল লোক। এতে ওই চিকিৎসকেরা গুরুতর আহত হন। এঁদের মধ্যে একজন নারী চিকিৎসকও আছেন। এ ঘটনার প্রতিবাদে আজ বেলা ১১টা থেকে হাসপাতালের চিকিত্সকেরা কর্মবিরতি শুরু করেছেন।
কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েছেন। চিকিৎসা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। রাজধানীর বংশাল থেকে আসা রোগী হারুন অর রশিদ জানান, পায়ে প্লাস্টার করতে এসেছিলেন তিনি, কিন্তু তাঁকে ফিরে যেতে হচ্ছে।
ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ-ই-মাহবুব জানান, ইনডোরে চিকিৎসাসেবা চলছে। বহির্বিভাগ বন্ধ রয়েছে। বহির্বিভাগে আসা রোগীদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]