রাজধানীর কামরাঙ্গীরচরের রসূলপুরে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ তৈরির দায়ে এক নারীসহ ৩ জনকে আটক করেছে র্যাব।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে পশ্চিম রসূলপুরের রনি মার্কেটের পেছনে একটি ভেজাল ওষুধ তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
আটকরা হলেন- মো. নজরুল ইসলাম (৩৮), জিন্নাত রেহানা পারভীন (৪০) ও মো. আবুল হোসেন (২৫)।
এদের মধ্যে নজরুল কারখানার কেমিস্ট, রেহানা হাকিম ও আবুল হোসেন মার্কেটিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানায় র্যাব।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইকবাল সফি জানান, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চলে। এ সময় ভেজাল ওষুধ তৈরির ৫টি মেশিন, বিভিন্ন সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়।
তিনি বলেন, এই চক্র ৩ বছর আগে রাজধানীর জিগাতলায় ধরা পড়েছিল। কামরাঙ্গীর চরে প্রায় ২ বছর ধরে তারা ভেজাল ওষুধের ব্যবসা করছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরির অপরাধে ড্র্যাগ এ্যাক্ট ১৯৪০, ১৮ এর-২ ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কারখানা সিলগালা করা হচ্ছে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





