পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) আঞ্চলিক নেতা আব্দুল লতিফকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৪টার দিকে সদর থানার শালাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পাবনা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আব্দুল লতিফ সর্বহারার আঞ্চলিক নেতা। তিনি লতিফ, মিন্টু, ইউসুফ, সুমন, ছাইদুলসহ বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় অবস্থান করতেন। ১৯৯৬ সালে পাবনার বেড়া উপজেলার ঢালারচরে উপ-পরিদর্শক (এসআই) হেদায়েতসহ পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি তিনি।
তার নামে পাবনার আমিনপুর থানায় পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া, বেড়া, সুজানগর, সদর, পাংশা, রাজবাড়ী থানায় হত্যা-ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে।
আব্দুল লতিফের বাড়ি পাবনার বেড়া উপজেলার ঢালারচরে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে, তার সঠিক নাম-পরিচয় জানার জন্য পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।
কেএইচ





