ঢাকার আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই ব্যবসায়ীর বাবাসহ সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুব্রত রায়। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার ব্যবসায়ী সোহেল রানার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কছিম উদ্দিন মন্ডল, শাকিল, ভাগিনা আশিকুর, ভাড়াটিয়া মাসুদ ও মাজেদা বেগমসহ সাতজন।
অভিযুক্তরা হলেন, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নুরুল ইসলামের ছেলে হৃদয় (২০), সাত্তারের ছেলে মামুন (২৮), মহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম আসাদ, মৃত আলাউদ্দিনের ছেলে শাকিল (২৫), মৃত শহিদুল্লাহর ছেলে রাশেদ (২৩), সিরাজুল ইসলামের ছেলে তুষার (২০), মোহাম্মদ তুহিন (১৮), আলাউদ্দিন আলার ছেলে শাকিল (২০) ও সিদ্দিক।
ব্যবসায়ী সোহেল রানা জানান, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ওই ভবন নির্মাণের শুরু থেকেই স্থানীয় হৃদয়, মামুন, আসাদসহ একদল কিশোর বাড়িতে এসে তার কাছে এককালীন ১০ লাখ এবং মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসার ক্ষতিসহ নানা রকম হুমকি প্রদান করে চলে যায়। এর পর শুক্রবার রাতে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়ির চারপাশে ঘেরাও করে ৩০ থেকে ৪০ জন অতর্কিত হামলা চালায়। তাকে না পেয়ে বাড়িতে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তার বাবা বাঁধা দিতে গেলে তাকেসহ সাতজনকে পিটিয়ে আহত করে। পরে আশুলিয়া থানা পুলিশে খবর দিলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুব্রত রায় জানান, রাতেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেয়া হবে।
এবিএস





