শিক্ষা জাতীয়করণসহ কয়েকটি দাবিতে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) পূর্ণদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। আজ বুধবার (২৪ জানুয়ারি) টানা কর্মসূচির দ্বিতীয় দিন। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হয়ে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এ কর্মসূছি। এর মধ্যে দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেবে সংগঠনটি।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বুধবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ দিনের মতো আমরণ অনশন করছেন। গত ১০ জানুয়ারি থেকে প্রথমে লাগাতার অবস্থান কর্মসূচি, পরে ১৫ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন করছেন। টানা এই কর্মসূচির পাশেই জাতীয়করণের দাবিতে প্রতীকী অনশন করছেন তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।

তারা বলেন, ‘যত দিন পর্যন্ত না প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য আসছে, তত দিন আমরা অনশন চালিয়ে যাব। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না।’

তাদের দাবি আমরণ অনশন কর্মসূচিতে গতকাল ৪ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। প্রাথমিক ও হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে তাঁরা কিছুটা সুস্থ হলে আবার অনশনে যোগ দেন। এ নিয়ে গত ৯ দিনে শতাধিক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়েছেন।