রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন নর্থ টাওয়ারের সামনে বাসের ধাক্কায় করিব হোসেন (৩২) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

রোববার (২৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) তার মৃত্যু হয়। এ ঘটনায় এক ভ্যানচালক আহত হয়েছেন। তার নাম-ঠিকানা জানা যায়নি।

করিব হোসেন বরিশাল মেহেন্দীগঞ্জের নয়নপুর গ্রামের কাদির সরদারের ছেলে।

উত্তরার পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, সকালে করিব হোসেন ইঞ্জিনচালিত ভ্যানে করে দোকনের মালামাল নিয়ে গাজীপুরের টঙ্গী থেকে ‌উত্তরায় ফিরছিলেন।

এ সময় উত্তরা পূর্ব থানাধীন নর্থ টাওয়ারের সামনে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কায় দেয়। এতে তিনি ও ভ্যানচালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর মহাখালীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

ওএফ