কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ও গর্জনিয়ায় নির্বাচনের আগে সংঘর্ষে আহত দুইজনের মৃত্যু হয়েছে। গর্জনিয়ায় নিহত ব্যক্তির নাম মনজুর আলম (২৯)। রশিদ নগরে নিহত ব্যক্তির নাম নজির আহাম্মদ (৩০)।
জানা গেছে, গত ২৭ মে রাতে গর্জনিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের উপর প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীর লোকজন হামলা চালায়। হামলায় চেয়ারম্যান নজরুলসহ ৫ জন মারাত্মকভাবে আহত হন। হামলায় চেয়ারম্যান নজরুলের হাতের হাড় ভেঙে যায়।
তিনি বর্তমানে ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত অপর ৪জনের মধ্যে মনজুর আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রবিবার রাতে তার মৃত্যু হয়।
অপরদিকে রশিদ নগরে নির্বাচনের একদিন আগে ২৬ মে রাতে বিএনপি প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে আহত এক ব্যক্তি রবিবার রাতে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ব্যক্তির নাম নজির আহাম্মদ (৩০)। তিনি রশিদ নগর কাহাতিয়া পাড়া এলাকার বদিউর রহমানের পুত্র ও বিএনপির প্রার্থী আব্দুল করিমের সমর্থক।
রামু থানার ওসি প্রভাস চন্দ্র ধর তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এমবি





