বিমানবন্দর সড়কের হোটেল রেডিসনের বিপরীত পাশে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে।রোববার দিনগত রাতে নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর ফকির বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় এ মামলা (মামলা নং ৩৩) করেন।

সোমবার সকালে ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অজ্ঞাতনামা হিসেবে জাবালে নূর বাসের চালক ও তার সহকারীকে (হেলপা) দুর্ঘটনার জন্য দায়ী করে এই মামলা করেছেন। তারা এখনো পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের বিপরীতে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত ও অন্তত ১২ শিক্ষার্থী আহত হন।

নিহতদের একজন ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম (১৬), অন্যজন একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৫)।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা বেশ কয়েকটি গাড়িতে ভাংচুর ও আগুন দেন। সোমবারও সকাল থেকে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে।