কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ধনাইতরী গ্রামের আলেক হোসেনের ছেলে জামাল হোসেন (৬০) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্র জানায়, ধনাইতরী গ্রামের ফরিদ মিয়ার সঙ্গে জামাল হোসেনের জমি নিয়ে মামলা চলছিল। মামলায় ফরিদ মিয়ার কয়েকজন সমর্থককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
তারা মুক্তি পেয়ে বেরিয়ে এসে শুক্রবার রাতে জামাল হোসেন ও গিয়াস উদ্দিনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন মারা যান। আহত জামাল হোসেনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে দুইজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
এমএনজে





