খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কুড়াদিয়াছড়া পূজামণ্ডপে দায়িত্বরত পুলিশের নায়েক লক্ষ্মীকুমার চাকমার এসএমজি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, কুড়াদিয়াছড়া পূজামণ্ডপে আর্মড পুলিশের এসআই কিরণ চাকমার নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাত পুলিশ সদস্য।

এসময় নায়েক লক্ষ্মীকুমার চাকমার নামে বরাদ্দ ছিল একটি এসএমজি ও ৪০ রাউন্ড গুলি। শনিবার সকাল ৭টায় লক্ষ্মীকুমার চাকমা ঘুম থেকে উঠে জানান, তার কাছে রক্ষিত গুলিগুলো থাকলেও এসএমজিটি নেই।

পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। লক্ষ্মীকুমার চাকমাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এআর