কুষ্টিয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে দেশি অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তারের করেছে। শুক্রবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়।
এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজের নিকট ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া সদরের হাটশ হরিপুরের ফারাজিপাড়ার রাজীব হোসেন (২৩), আবুল হোসেন আকরাম (৪০), এরশাদনগর বস্তির কামাল হোসেন ওরফে সুরুজ (৩২), খোকসা উপজেলার রঘুনাথপুরের হাসান প্রামাণিক (২৫), কুমারখালী উপজেলার ছেউড়িয়া মলপাড়ার আনন্দ মল (৪৫), পুরাতন বোয়ালদহ গ্রামের আনোয়ার হোসেন বাবু (৫৫), রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের ইকবাল হোসেন (৩৪) ও পাবনার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর গ্রামের আনসারুল প্রামাণিক (২৮)।
এসময় তাদের কাছ থেকে তিনটি ধারালো হাঁসুয়া, একটি তলোয়ারসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি অটোরিকশা ও পাঁচটি মুঠোফোন।
কুষ্টিয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) নূর-ই আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজের কাছে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ওই আটজন।
ওই সময় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও মডেল থানা পুলিশের যৌথ দল সেখানে যায়। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আটজনকে আটক করে। তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁরা বিভিন্ন সময়ে জেলা ও আশপাশের বিভিন্ন সড়কে ডাকাতি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার আদালতে নেওয়া হয়।
এমবিএইচ





