সাতক্ষীরার মাটিয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি খুন ও ডাকাতির ১৩ মামলার আসামি।
পুলিশ জানিয়েছে, সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা দামারপোতার মধ্যবর্তী স্থানে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান মাটিয়াডাঙ্গা গ্রামের কওসার আলির ছেলে জাকির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে দুইদিন আগে। বৃহস্পতিবার মধ্যরাতে জাকির হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী তাঁকে নিয়ে পুলিশ তাঁর অস্ত্রভাণ্ডার তল্লাশিতে যায়। মো. মিজানুর রহমান জানান এসময় জাকির বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে, দুই পক্ষের গোলাগুলির মধ্যে জাকির গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পুলিশ পরিদর্শক আরো জানান, জাকির হোসেনের বিরুদ্ধে হত্যা, চোরাচালান, ঘের দখল ও ডাকাতির ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমআর





