ত্রাণ বিতরণের সময় ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চুরি যাওয়া মোবাইল ফেরত চেয়ে এলাকায় মাইকিং করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার বড় পুটিয়া বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর মোবাইলটি চুরি হয়।
স্থানীয়রা জানায়, সংসদ সদস্য শরীফ আহমেদের নেতৃত্বে একটি দল বুধবার উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান। এক পর্যায়ে সিংহেশ্বর ইউনিয়নের বড় পুটিয়া বাজারে বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণের সময় ইউএনও'র মোবাইলটি চুরি হয়।
পরে অনেক খোজাখুঁজি করেও মোবাইলটি না পেয়ে উদ্ধারের জন্য এক হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়ে মাইকে প্রচার করা হয়। তারপরও ফোনটি না পেয়ে পরিদর্শন টিম স্থান ত্যাগ করে ফিরে যান।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, মোবাইলে অনেক নম্বর সেভ করা ছিল। মোবাইলটি চুরি হওয়ায় সমস্যায় পড়তে হবে।
জারিফ





