নড়াইল সদর উপজেলার মালিয়াট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন নিয়ে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান করছে। এ নির্বাচনকে ঘিরে এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সভাপতি পদ দখল করতে একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন মালিয়াট গ্রামের স্বপন সিকদার। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন একই গ্রামের সুকান্ত রায়।

স্বপন সিকদার অভিযোগ করে জানান, তার পক্ষীয় অভিভাবক প্রার্থীদের নিকট প্রধান শিক্ষক মনোননয়নপত্র বিক্রি করতে চাননি। এমনকি প্রার্থীদের মনোনয়ন ক্রয় করতে বিদ্যালয়ের অফিস কক্ষে যেতে বাঁধা দেন সুকান্ত রায়ের সন্ত্রাসী বাহিনী।

মনোনয়নপত্র গ্রহন ও জমাদানের শেষ দিন শনিবার (৪মার্চ) বিকেলে ইউএনও নাছিমা খাতুনের হস্তক্ষেপে পুলিশ পাহারায় তারা মনোনয়ন গ্রহন ও জমা দেন। এছাড়া সুকান্ত রায় অভিভাবক প্রার্থী আখুদা গ্রামের প্রণীত বিশ্বাসকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন।

সুকান্ত রায়’র নিকট জানতে চাইলে তিনি তার বিরূদ্ধে আনিত সকল অভিযোগ অস্বিকার করে জানান, এলাকার লোকজনের অনুরোধে তিনি প্রার্থী হয়েছেন।

প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালর্ জানান, রবিবার (৫মার্চ) মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। বাছাইয়ে সকল মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সকল পদক্ষেপ নেয়া হবে।

প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ মুখাজী জানান এ নির্বাচন নিয়ে এলাকার দু’টি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা আতংকিত। তবে সবকিছু বিধি মোতাবেক করা হচ্ছে।

রিন্টু/জারিফ