‘পুলিশকে সহায়তা করুন, অপরাধ নির্মল করুন’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর বর্ণাঢ্য র‌্যালি হয়েছে।

আজ (২৭ জানুয়ারি) রোববার সকালে জেলা পুলিশের আয়োজনে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিতে বিভিন্ন প্ল্যাকার্ড সম্মিলিত ব্যান্ডের তালে তালে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন, ভোলা প্রেসক্লাবের সাবেক আহবায়ক আবু তাহের, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারন সম্পাদক অমিতাভ অপু, জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক শহিদুল ইসলাম, ওসি তদন্ত মনিরুল ইসলাম, স্পেশাল ব্র্যাঞ্চের পরির্দশক জাকির হোসেন প্রমুখ।

এ সময় পুলিশ সুপার মো. মোক্তার হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ একটি সেবা মূলক প্রতিষ্ঠান। পুলিশ সব সময় জনগণের সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সরকার জনগণের সেবা আরও সহজ করতে ‘৯৯৯’ সেবা চালু করেছে। এতে মানুষ সহজে পুলিশের সেবা গ্রহন করতে পাচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারি পুলিশের সেবা সপ্তাহ শেষ হবে।

শাহীন/এমবি