সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে সৈয়দ মিয়া (৩০) ও লুৎফুর রহমান (৪৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পিতবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামের মৃত কাপ্তান মিয়ার ছেলে কৃষিশ্রমিক সৈয়দ মিয়া ও জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে কৃষক লুৎফুর রহমান।

স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে সৈয়দ মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের শিমুলবাক গ্রামের আক্তার হোসেনের বাড়িতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করছিলেন।

বৃহস্পতিবার সকালে সৈয়দ মিয়া শিমুলবাক গ্রামের পূর্ব দিকের মাঠে গরু দিয়ে ধান মারাইয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সৈয়দ মিয়া মারা যান। এসময় চারটি গরুরও প্রাণহানি ঘটে।

অপর ঘটনায়, সকালে জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কৃষক লুৎফুর রহমান পাশের মাঠে গরু চড়াতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক লুৎফুর রহমানকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ও জামালগঞ্জ থানা ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে