জমি দখলকে কেন্দ্র করে যুবলীগ, এলাকাবাসী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্যামপুর এলাকার শাহাজাহান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান জানান, শুক্রবার গভীর রাতে বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার জমিতে সাইনবোর্ড লাগায় সাভার উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম মন্ডলের ভাই মহসিন মন্ডল।
এ সময় স্থানীয় বাসিন্দা ইসমাইল বাধা দিলে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পরে স্থানীয় এলাকাবাসী এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ইসমাইল গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি পিকআপে ভাঙচুর চালায়।
জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষের লোক জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি এস এম কামরুজ্জামান।
এআর





