নারায়ণগঞ্জে এক তরুণীকে ধর্ষণের মামলায় জুয়েল হোসেন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল হোসেন পলাতক রয়েছেন। তিনি নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাকিব উদ্দিন রকিব জানান, ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে জুয়েল তার নিজ এলাকায় এক তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে তরুণী নিজেই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করলে ২২ দিন পর ১৭ মার্চ জুয়েলকে গ্রেফতার করে পুলিশ।
২০০৫ সালের ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতাউর রহমান আটজনকে সাক্ষী দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। জুয়েল আদালত থেকে জামিন নেন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
কেএইচ





