কোনাবাড়ি শিল্প এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই শিল্প প্রতিষ্ঠান কেয়া কসমেটিকস ও মায়মন টেক্সটাইলের ক্যাডারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর তিনটার দিকে কোনাবাড়ি জিতার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, বেশ কিছু দিন ধরে একটি খালি জায়গা দখল করার চেষ্টা নিয়ে কেয়া কসমেটিকস ও ডিবিএল গ্রুপের মায়মন টেক্সটাইলের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে ডিবিএল গ্রুপ ক্যাডার নিয়ে ওই জায়গায় স্থাপনা তৈরির চেষ্টা করলে কেয়া কসমেটিকস গ্রুপের লোকজন এতে বাধা দিলে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কেএইচ