গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাজউকের অননুমোদিত নকশায় নির্মিত ভবনে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ প্রদান বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আন্তঃমন্ত্রণলয় বৈঠকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মোঃ জাহিদ আহসান রাসেল, এ.কে.এম ফজলুল হক, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম সভায় অংশগ্রহণ করেন।
সভায় নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউক থেকে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের বিষয়টি নিয়মিত তদারকির সুপারিশ করা হয়।
মানিক মিয়া এভিনিউর পাশে অবস্থিত ন্যাম ভবন থেকে সংসদে যাতায়াতের জন্য আন্ডার পাস তৈরি এবং প্রত্যেক সংসদ সদস্যের নিরাপত্তার জন্যে ন্যাম ফ্ল্যাটে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয় সভায়।
সভায় রাজউকের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের প্লট বরাদ্দ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। রাজউকের নগর পরিকল্পনা বিভাগ থেকে বিল্ডিং কোড, বিল্ডিং প্লান, বিল্ডিং প্লান পাস প্রক্রিয়া ও যত্রতত্র অপরিকল্পিত অবৈধ ভবন নির্মাণ বন্ধে কার্যকর এবং সময়োপযোগী পদক্ষেপ নেয়ারও সুপারিশ করা হয়।
কমিটি রাজউকের অবিক্রিত ফ্ল্যাট বিক্রির লক্ষ্যে বিশেষ প্রণোদনা প্রদানের নিমিত্ত মোট মূল্যের এক তৃতীয়াংশ এককালীন প্রদানপূর্বক অবশিষ্ট মূল্য কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ প্রদানের সুপারিশ করা হয়।
সভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজউকের আঞ্চলিক অফিস গাজীপুরে স্থাপনের সুপারিশ করা হয়।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লাহ খন্দকারসহ সংশ্লিষ্ট দপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবি





