নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, কনস্টেবল নাজির উদ্দিন, আনোয়ার বাহিনীর সদস্য রাজা মিয়া (৩৭), বাচ্চু মিয়া (৪০)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে রাজা মিয়ার পায়ে ও বাচ্চু মিয়ার হাতে গুলিবিদ্ধ লেগেছে। তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র্রের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনোয়ার হোসেনকে আটক করতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

সন্ধ্যায় এ খবর চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ছড়িয়ে পড়লে শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেনসহ তার বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, কনস্টেবল নাজির উদ্দিন আহত হন।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ঘটনাস্থল অতিরিক্তি পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের ওপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী আনোয়ারসহ তার অস্ত্রধারী বাহিনীর সদস্যদের আটকের চেষ্টা চলছে।

শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

এছাড়া এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই, ডাকাতি, হত্যা, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।

এএইচ