হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের শরীফখানী ও যাত্রাপাশা এলাকায় শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন পথচারীরা শিয়ালের আক্রমণের শিকার হচ্ছেন।
গত এক সপ্তাহে ওই এলাকায় আট পথচারীকে কামড়িয়েছে শিয়াল। সর্বশেষ এক শিশুকে কামড়ানোর সময় শিশুটির বাবা আবদুল কদ্দুছ একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেন।
প্রতিনিয়ত শিয়ালের আক্রমণের শিকার হওয়ায় স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ লোকজন আতঙ্কে রয়েছেন।
শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা হলেন- ইঞ্জিল মিয়া (৫৩), আবদুুর রহিম (৫০), আবদুল মান্নান (৪৫), আমির হোসেন (৩৫) ও নিপা বেগম (৫), মাসুক (২৩), সুমন (৪০) ও বিলকিস আক্তার (৭)।
শরীফখানী শেখের হাটি জামে মসজিদের ইমাম হাফেজ জহির উদ্দিন সোহেল জানান, হঠাৎ করে শিয়ালের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এলাকায় অনেক জঙ্গল থাকায় সেখানে শিয়ালগুলো বাস করে।
এ ব্যাপারে বানিয়াচঙ্গ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কাশেমজানান, শিয়াল এক ধরনের ভাইরাসে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। ওই আক্রান্ত শিয়ালগুলো পাগল হয়ে লোকালয়ে এসে যাকে সামনে পায় তাকেই আক্রমণ করে।
আক্রান্ত শিয়ালরা ১৫/২০ দিনের মধ্যেই মারা যায়। এখন ওই দুটি এলাকার লোকজনকে সাবধানে চলাফেরা করতে হবে। আর যারা শিয়ালের কামড়ে আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা করাতে হবে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





