নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার রামচরণ বাজার থেকে জেলেদের কাছে টাকা আদায়ের অবৈধ চাঁদাবাজির টোকেন দেয়ার সময় কাশেম হাজী (৪৩) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে হাতিয়া কোস্টগার্ড।

বুধবার দুপুর ১২টার দিকে ওই ব্যবসায়ীকে আটককালে তার কাছ থেকে ২০টি অবৈধ চাঁদা আদায়ের টোকেন (রশিদ) জব্দ করা হয়।

আটক কাশেম হাজী উপজেলার সুখচর ইউনিয়নের হাশেম হাজীর ছেলে। তিনি স্থানীয় রামচরণ বাজারের একজন ব্যবসায়ী।

এলাকাবাসী জানায়, কাশেম হাজী দীর্ঘ দিন ধরে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের ভয় দেখিয়ে ও প্রভাব খাটিয়ে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে আসছে। মাছ ধরার বড় বোট প্রতিটি ৫০ হাজার টাকা, মাঝারি বোট প্রতিটি ৫ হাজার ও ছোট বোট প্রতিটি ৩ হাজার টাকা দিয়ে মাছ ধরতে যাওয়ার রশিদ নিতে হতো তার কাছ থেকে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. রাহাত বিষয়টি নিশ্চিত করে জানান, আটক কাশেম হাজী দীর্ঘ দিন ধরে প্রভাব খাটিয়ে জেলেদের কাছে চাঁদার রশিদ বিক্রি করে আসছে।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে কোস্টগার্ডের গোয়েন্দা টিম উপজেলার রামচরণ বাজারে অভিযান চালায়। এসময় রশিদ বিক্রির সময় ২০টি অবৈধ চাঁদার রশিদসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ