বাস বিলম্বে আসায় রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে এক বাসচালককে পিটিয়ে হত্যা করেছে যাত্রীরা। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত বাসচালকের নাম শিবু চন্দ্র দে (৪৫)। তিনি সিলেট জাফলং গ্রামের মৃত হরিপদ চন্দ্র দের ছেলে।

নিহত বাসচালকের সহযোগী (বাস হেলপার) শামীম হোসেন জানান, রাত ১০টার তাদের বাস সায়েদাবাদ জনপদ মোড়ে আসার কথা। সেখান থেকে সিলেটে যাবেন তারা। কিন্তু ফকিরাপুল থেকে ছেড়ে এসে সায়েদাবাদ জনপদ মোড়ে পৌঁছতে ১১টা বাজে তাদের। এ সময় সেখানে অপেক্ষামান যাত্রীরা ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে আহত করে। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, ওই বাসচালককে ঢামেক হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। তার লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ