নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই হিজড়া নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ ৩ জন।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী সড়কের দূর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফেনী থেকে সুগন্ধা পরিবহনের একটি বাস নোয়াখালীর সুধারাম যাচ্ছিল। পথে দোকানঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই হিজড়া ঘটনাস্থলেই নিহত হয়। অটোরিকশার চালকসহ তিন যাত্রী আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।

এসএইচ