সকালে রোদ, বিকালে বৃষ্টি। কখনো মুষলধারায়, কখনো আবার গুঁড়িগুঁড়ি। এভাবেই চলছে গত দু’দিন। আবহাওয়ার পরিবর্তনশীল এমন আচরণ অব্যহত থাকবে বুধবার পর্যন্ত।
সোমবার দুপুরে এমনটাই জানান আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আকাশে সঞ্চালনশীল মেঘমালা জমে থাকার কারণেই আবহাওয়ার এমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকবে বুধবার পর্যন্ত। তারপর ধীরে ধীরে আবহাওয়া স্থিতিশীল অবস্থায় ফিরবে।’
এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ান সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি বাতাসের গতিবেগ উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঘূর্ণিঝড় হুদহুদ প্রসঙ্গে শামসুদ্দিন আহমেদ জানান, উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণ ছত্রিশগড় এবং পাশের দক্ষিণ-পশ্চিম উড়িষ্যা এলাকায় ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে। তবে এ ঘূর্ণিঝড় আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে এবং বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
সাইক্লোন পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সোমবার বিকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
জেআই





