বরিশাল নগরের কাশিপুরের বাঁশতলা এলাকায় ট্রাকের চাপায় টেম্পুর ছয় জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে ওই সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
হতাহতদের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মতিয়ার রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশালের পোট রোড থেকে তরমুজবাহী একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। কাশিপুরের বাঁশতলা পৌঁছালে রহমতপুর থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহেন্দ্রর চার যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রী মারা যান।
নিহতদের লাশ সুরাতহাল শেষে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
ইআর/এআর/এমকে





