নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দুম্বা পাটোয়ারী বাজারের ইউপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলাউদ্দিন (৩৬), আক্কাছ (৬০), বেলাল (৪০)ও ইউছুপ (২৮)।

স্থানীয়রা জানান, এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান স্বপন তার কার্যালয়ে বিভিন্ন দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ইউপি কার্যালয়ে। আত্মরক্ষার্থে চেয়ারম্যান কার্যালয়ের ভেতরের একটি কক্ষে আত্মগোপন করেন।

দুর্বৃত্তরা তাকে না পেয়ে তার ছোট ভাই যুবদল কর্মী আলাউদ্দিনকে এলোপাতাড়ি কোপায় ও গুলি করে। আলাউদ্দিনকে রক্ষা করতে গেলে আক্কাছ, বেলাল ও ইউছুপকে পিটিয়ে জখম করে পালিয়ে যান তারা।

আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলিবিদ্ধ আলাউদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান স্বপন হামলার বিষয়ে জানান, কয়েক মাস ধরে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যায়। পরে এ বিষয়ে ইউপি কার্যালয়ে এক বেঠকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর নামে অভিযোগ ওঠে।

তাদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে আমাকে হত্যার হুমকি দেয় তারা। এর জের ধরে এ হামলা চালানো হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এমকে