সাতক্ষীরার তালা উপজেলার চরগ্রামের একটি বাড়িতে সোমবার রাত ২টার দিকে পুলিশ পরিচয়ে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
মতিয়ার শেখের বাড়িতে ঘটা এ ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
তালা থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আহত মতিয়ার শেখ জানান, রাতের খাবার খেয়ে তারা সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ১০-১২ জনের একটি দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বলে, আপনার ঘরে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতারা অবস্থান করছে। আমরা তাদের আটক করতে এসেছি।
এ সময় মতিয়ারের সন্দেহ হলে তিনি চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে এবং তাকেসহ তার মেয়ে রুমি ও স্ত্রী লতিফা বেগমকে পিটিয়ে জখম করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করলে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ডাকাতরা একটি বন্দুকসহ ১৭ রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়।
কেএইচ





