কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বারুকবাজার সংলগ্ন নরসুন্দা শাখা নদীর ওপর ব্রিজ দেবে গেছে।
মঙ্গলবার বিকালে বিকট শব্দ ব্রিজটির পিলার প্রায় দুই ফুট মাটির নীচে দেবে যায়।
এ ঘটনার পর জেলা সদরের সাথে তিন উপজেলার ৭ ইউনিয়নের যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা আশঙ্কায় দেবে যাওয়া ব্রিজটির ওপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ১৯৮৬/৮৭ সালে উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে ৩৯ মিটার লম্বা নরসুন্দা শাখা নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। এই ব্রিজের ওপর দিয়ে করিমগঞ্জ উপজেলার গুনধর ও জয়কা ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ ও হাজারো যানবাহন চলাচল করতো। তাছাড়া হওড়াঞ্চলের নিকলী, মিঠাইমন উপজেলার ৫টি ইউনিয়ন হতে হাজার হাজার মানুষ জেলা সদরের যেতে এ ব্রিজটি ব্যবহার করতেন।
সূত্রটি জানায়, মঙ্গলবার বিকালে ব্রিজের পিলারের বেইজের নিচের মাটি সরে যায়। এতে করে বিকট শব্দে ব্রিজটির মধ্যভাগ দেবে গেছে। নিচের দুটি পিলার হেলে পড়েছে।
জয়কা ইউনিয়নের পানাহার পশ্চিমহাটি গ্রামের ধান ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, এ ব্রিজ দিয়ে আমরা মরিচখালি বাজার হতে হাওড়াঞ্চলের প্রতিদিন কয়েক’শ টন ধান দেশের বিভিন্ন এলাকায় রফতানি করি। ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার না করলে বিক্রিত প্রায় ৭ শ’টন ধান আটকে যাবে।
জয়কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাদিস মিয়া জানান, ব্রিজটি হাওড়াঞ্চালের মানুষের জেলা সদরসহ দেশের বিভিন্ন অঞ্চলে একমাত্র যোগাযোগের মাধ্যম। দেবে যাওয়া ব্রিজটি জরুরি সংস্কার না করলে এলাকার অর্ধলক্ষাধিক মানুষের ব্যবসা-বাণিজ্যের চরম ক্ষতি হবে।
করিমগঞ্জ উপজেলা প্রকৌশলী মো মিজানুর রহমান জানান, ব্রিজটি দ্রুত চালু করার জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানান, ব্রিজটি মধ্যস্থলে বেশিরভাগ দেবে গেছে। নীচের দুটি খুটি হেলে পড়েছে। ব্রিজের ওপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে।
কেএইচ





