চট্টগ্রামের ফটিকছড়িতে অপহরনের দুদিন পর মুহাম্মদ এনাম (৩৫) নামে স্থানীয় যুবলীগ সভাপতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার তেলপারই খাল থেকে পুলিশ বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করেন। এর আগে গত রবিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়মোটা অংকের মুক্তিপণের দাবীতে এনামকে অপহরণ করা হয়েছিল। পেশায় বালুর ব্যবসায়ী এনাম উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জাফতনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা চৌধুরী জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মরদেহের উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।’
স্থানীয় লোকজন জানান, গত রবিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন। মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে না পাওয়ায় গত সোমবার বিকেলে তাঁর মা হালিমা বেগম ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।এরপর ঐ দিন রাত আটটার দিকে এনামের স্ত্রী শাহানা আকতার জান্নাতের মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ের একটি মুঠোফোন থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। না হয় তাকে হত্যার হুমকি দেন।
আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. অহিদুল আলম জানান, এনাম সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনে আমার পক্ষে কাজ করেছেন। তার কাছ থেকে মুক্তিপণ দাবী করার পর থেকে বিষয়টি আমরা প্রশাসনকে অবহিত করেছি।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ইউসুফ মিয়া।
টাইমনিউজবিডি.নেট/ মাছুম/ মাহমুদ





