আগেরদিন চট্টগ্রামে হানিফ পরিবহনের দুইটি কাউন্টারে ছাত্রলীগের ভাংচুর-লুটপাটের পর রোববার সকাল থেকে দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কে সকল ধরনের যানবাহনের অঘোষিত ধর্মঘট চলছে।

সকাল থেকেই ওই মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কের দূর-পাল্লার যাত্রীরা।

এই বিষয়ে জানতে চাইলে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা। তবে মালিকরা বলছেন, শ্রমিকরা গাড়ি না চালালে আমাদেরতো কিছুই করার নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক নেতা জানান, আগের দিন শনিবার দুপুরের পর চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু ও দামপাড়ায় হানিফ পরিবহনের দুটি কাউন্টারে ভাঙচুর ও লুটপাট শেষে কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। সেসময় কাউন্টারের ল্যাপটপ, নগদ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে গেছে।