নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (সরুশুনা গ্রাম) সদস্যপদে উপনির্বাচনে ভোট না দেয়ায় চারজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

অভিযোগ রয়েছে, পরাজিত প্রার্থীর লোকজন বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এ হামলা চালিয়েছেন।

আহতরা হলেন- সরুশুনা গ্রামের বাসিন্দা সেনাসদস্য ইমরুল মোল্যা (২৯), বিজিবি সদস্য মো. আনিচুর রহমান মোল্যা (৩৫), অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য একিন মোল্যা (৬০) ও কলেজছাত্র নাজিম উদ্দিন (২১)।

সরুশুনা গ্রামের নবনির্বাচিত মেম্বর আব্দুল হান্নান জানান, মঙ্গলবার লাহুড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে তিনি জয়লাভ করেন। আহতরা তাকে ভোট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরাজিত প্রার্থীর লোকজন তার সমর্থকদের ওপর হামলা চালায়। আহতরা সরুশুনা গ্রামের মোল্যাপাড়া জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর পরই এ হামলা চালানো হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। একিন মোল্যার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইমরুল মোল্যাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সুভাষ বিশ্বাস জানান, উপনির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কেএইচ