লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সড়ক বন্ধ করে দুই পাশে পশুর হাট বসানোয় ষাঁড়ের আক্রমণে নারীসহ পাঁচ পথচারী আহত হয়েছেন।

সোমবার বিকালে শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রায়পুর-হায়দরগঞ্জ সড়ক বন্ধ করে বসানো হয়েছে এ পশুর হাট। গরু ও ক্রেতা-বিক্রেতার ভিড়ে রাস্তাটি দিয়ে যান চলাচল ও পথচারী চরম ভোগান্তিতে পড়েছেন।

ষাঁড়ের আক্রমণে আহতরা হলেন- আমেনা বেগম (৪২), আলম মিয়া (৫২), মো. সুমন (২৮) ও তোফায়েল (৩৬)। অপরজনের পরিচয় জানা যায়নি। তবে তারা কেউ গুরুতর আহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দালাল বাজার এলাকার ফিরোজ মিয়ার বিক্রির জন্য তিনটি ষাঁড় নিয়ে আসেন বাজারে। সেখান থেকে একটি ষাঁড় দড়ি ছিঁড়ে পথচারীদের ওপর শিং দিয়ে আক্রমণ চালায়।

উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা সালেহ উদ্দিন আহম্মেদ জানান, জরুরি একটি কাজে তিনি নিজে ওই সড়কটি দিয়ে হায়দরগঞ্জ রওনা করেন। কিন্তু সড়কের নতুন বাজারে দু’পাশে পশুর হাট বসানোর কারণে তিনি মোটরসাইকেল নিয়ে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে হায়দরগঞ্জ বাজারে পৌঁছেন।

রায়পুর থানার অফিসার ইন চার্জ (ওসি) লোকমান হোসেন ষাঁড়ের আক্রমণে পাঁচ পথচারী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সড়ক থেকে পশুর হাট সরানো ব্যবস্থা করা হচ্ছে। সড়কে পশুর হাট কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, কোনো পশুর হাটই সড়কে বসানোর অনুমতি দেওয়া হয়নি। যদি কেউ সড়ক বন্ধ করে পশুর হাট বসায় তাহলে সেটি অবৈধ বাজার হবে। নতুন বাজারের বিষয়টি শুনেই পুলিশ পাঠানো হয়েছে।

কেএইচ