পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন- ফাতিমা (৩) ও রাফিল (৪)।
শুক্রবার (০৮ অক্টোবর) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পৃথক এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শিশু ফাতেমা চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতীর মেয়ে। আর রাফিল একই ইউনিয়নের নয়ারচর গ্রামের মাহবুল হাওলাদারের ছেলে। দু’জনেই খেলাধুলা করতে গিয়ে বাড়ির আঙ্গিনার পাশের পুকুরে পড়ে মারা যায়।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ফাতিমা ও দুপুর ১২টায় রাফিলের লাশ নিজেদের বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তারাই লাশ উদ্ধার করে। এদিকে, একই ইউনিয়নে দেড় ঘণ্টার ব্যবধানে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় পরিবার-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ মিজান বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। লাশ দুইটি উদ্ধার করে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।





