নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পুলিশের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সহ ৯ গ্রামের সাড়ে তিন শত লোককে আসামী করে মামলা দায়ের করেছে নড়াগাতি থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে এ মামলা দায়ের করা হয়।

ব্যাপক পুলিশি অভিযানের মুখে দুই চেয়ারম্যান প্রার্থী সহ এসব গ্রামের পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়েছে। আতংকের মধ্যে রয়েছে নারী ও শিশুরা ।

মামলার বিবরনে জানা যায়, গত সোমবার রাত ৯ টার দিকে বাঐসোনা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ চুন্নু শেখের সমর্থকরা উঠান বৈঠক করছিল। এসময় আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মো. ফোরকান মোল্যা গণসংযোগ করতে চরডুমুরিয়া গেলে উত্তেজনার সৃষ্টি হয়।

এক পর্যায়ে চুন্নুর সমর্থকরা ফোরকান সমর্থকদের উপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। পুলিশ সংঘর্ষ থামাতে গেলে চুন্নু সমর্থকদের হামলায় এস আই হাবিবুর রহমান, কনষ্টোবল গোলাম ফারুক ও মাহবুবুর রহমান আহত হন।

এ ঘটনায় নড়াগাতি থানার এস আই হাবিবুর রহমান বাদি হয়ে বাঐসোনা ইউনিয়ন আ’ লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ ফোরকান মোল্যা ও আ’লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ চুন্নু শেখ, নড়াইল জেলা যুবলীগের সহ সভাপতি সালাউদ্দিন বশির, বাঐসোনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শামীম মোল্যা সহ উভয় পক্ষের ১০৬ জনের নাম উল্লেখ করে অঞ্জাত নামা ২৫০ জন সহ সাড়ে তিন শতাধিক গ্রামবাসির নামে মামলা দায়ের করে। গত দুই দিনে পুলিশ ৩০ জনকে আটক করেছে।

বাঐসোনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে জানা গেছে, সোমবার ও মঙ্গলবার রাতে পুলিশের র‌্যাপক অভিযানের কারনে গ্রেফতার এড়াতে চর ডুমুরিয়া, ফুলবদিনা, বাঐসোনা, যোগানিয়া, কানাইপুর, মধুপুর, খলিশাখালি ও নিধিপুর গ্রামের পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়েছে।

গ্রাম গুলোতে পুরুষের দেখা মেলেনি। এলাকার   দোকান পাট বন্দ রযেছে। বাজার গুলোতে জনসমাগম নেই। যারা আছেন তাদের চোখে মুখে আতংকের ছাপ। দুই একজন মহিলা সাংবাদিকদের সাথে কথা বললেও ভয়ে নাম প্রকাশ করতে চাননি।

পুরুষদের গ্রাম ছাড়ার কারণ জানতে চাইলে তারা বলেন, পুলিশ যাকেই পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। সে কারণে পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।

আ’লীগ প্রার্থী শাহ মোঃ ফোরকান মোল্যার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, গণসংযোগ করতে গিয়ে হামলা ও মামলার শিকার হয়েছেন। একটি মহল পুলিশকে ভূল বুঝিয়ে মামলায় তাকে ও তার সমর্থকদের নাম জুড়ে দিয়েছে। গ্রেফতার এড়াতে তিনিও এলাকার বাইরে রয়েছেন বলে জানান।

স্বতন্ত্র প্রার্থী মোঃ চুন্নু শেখের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ওই ঘটনার কিছই জানেন না বলে জানান। পুলিশি অভিযানের কারণে তিনিও পলাতক রয়েছেন।

নড়াগাতি থানার ওসি লস্কার জায়াদুল হক জানান, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। কোন গ্রাম পুরুষ শূন্য হয়নি। যারা অপরাধী তারাই পালিয়েছে।

এমবি