রাজধানীর মহাখালী এলাকায় ২টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে তিন লাখ টাকার নিষিদ্ধ ও নকল ওষুধ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করে।

ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. আশরাফ হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয়। অভিযান চলে বিকেল ৩টা পর্যন্ত। নিউ এয়ারপোর্ট রোডের নুর প্লাজার এইচ ১৮/১ এর মেসার্স শাফি ফার্মা ও এইচ ১৮/৩ এর অ আ ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, মহাখালী নিউ এয়ারপোর্ট রোডে অবস্থিত দুটি ওষুধের দোকানে আমদানি নিষিদ্ধ ওষুধ রাখা হয়েছে। ওষুধগুলো ছিল ভারত ও পাকিস্তানের। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানে হয়। এ সময় দোকান দুটির মালিকের আনুমানিক তিন লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ও নকল ওষুধ জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ দুটি পাইকারি ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে আমদানি নিষিদ্ধ ও নকল ওষুধের ব্যবসা চলছিল। মেসার্স শাফি ফার্মার মালিক আবদুল মোতালেব ও অ আ ফার্মেসির মালিক জসীমউদ্দিনের বিরুদ্ধে ১৯৮২ সালের ওষুধ অডিন্যান্সের ৫(১) ও ১৬ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

জব্দকৃত ওষুধগুলো হলো- পেকটিন, পেরাকটিন, ক্লফিমল, সিজেড, নিমিরিল, নিমস পি, রেক্সিন, ডিকলো ও বেটনোভেট উল্লেখ্যযোগ্য। আর নকল ওষুধের মধ্যে মোব, হোলিমোনিস, কিটা সি, সেন্ট্রাম গোল্ড ও এক্স কেল রয়েছে।

এমএম