নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, একটা গ্রুপ পুলিশ বাহিনীর ঐতিহ্য নষ্ট করার জন্য বসে আছে। আমি জানি অনেকেই আছেন সন্ত্রাসের আড়ালে ব্যবসার নাম ধারণ করেছেন, সন্ত্রাসের আড়ালে অনেকে মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন তার মানে এই নয় যে, এই এলাকার মানুষের জিম্মাদার হয়ে গেছে। এলাকার মানুষের ভালোর জন্য সব কাজ আমরা পুলিশ-প্রশাসন করবো।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় শহরের নিতাইগঞ্জ এলাকায় প্রজন্ম প্রত্যাশা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শংকর সাহা।
তিনি আরও বলেন, আপনাদের সকলকে সাথে নিয়ে সুন্দর একটা শহর তৈরি করার চেষ্টা করছি। যে শহরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না, কোন লোকের ভয়ে, হুমকি-ধমকিতে কেউ পিছপা হবে না। এটা আমরা চেষ্টা করেছি। যে ব্যবসা করবে তার কাউকে যাতে চাঁদা দিতে না হয়। কারও হুমকি-ধমকিতে ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেটা করতে দেওয়া হবে না।
যারা জুয়া খেলেন তাদের ছাড় দিচ্ছি না। নারায়ণগঞ্জ থেকে আমরাই শুরু করেছি। এখন দেখছেন সারা দেশেই ক্যাসিনো সামগ্রী উদ্ধার অভিযান।
এসপি হারুন অর রশীদ বলেন, হিন্দু ধর্মালম্বীদের জন্য এটা সবচেয়ে বড় উৎসব। হিন্দুদের হলেও এটা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের ধারাবাহিকতা অনুযায়ী এই উৎসব সকলের। স্বাধীনতার মূল মন্ত্র এটাই। মাননীয় প্রধানমন্ত্রীর ম্যাসেজ অনুযায়ী প্রতিটি পূজা মন্ডপ আইনশৃঙ্খলার আওতায় এনে কোথাও কোন বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যবস্থা করেছি।
তিনি বলেন, আইন-শৃঙ্খলার অবস্থা খারাপ করে একটা গ্রুপ পুলিশ বাহিনীর ঐতিহ্য নষ্ট করার জন্য বসে আছে। তাই আপনাদের চোখ, কান খোলা রাখতে হবে। কেউ আরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর হস্তে দমন করবো। পূজার মধ্যে কেউ মাতাল হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদেরও দমন করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন প্রমুখ।
শাহ জালাল/এমবি





